ভবন মালিকদের নির্মাণসামগ্রী যত্রতত্র না রাখা এবং ভবন নির্মাণ করতে গিয়ে খাল–নালা যাতে মাটি, বালি বা অন্য নির্মাণসামগ্রীতে ভরাট না হয় সে ব্যাপারে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল সোমবার নগরের বিভিন্ন এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন।
মেয়র সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে নগরের জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা–নর্দমা পরিষ্কার–পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষ ক্রাশ প্রোগ্রাম তদারকি করেন। পরিদর্শনকালে ১৭ নং ওয়ার্ডের ছলেমা খাতুন সড়ক উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
পরিদর্শনকালে মেয়র নগরবাসীর প্রতি যত্রতত্র ময়লা–আবর্জনা না ফেলার আহ্বান জানান। তিনি বলেন, নাগরিক সচেতনতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। শাহাদাত বলেন, খাল–নালা ও ড্রেনে যত্রতত্র ময়লা–আবর্জনা ফেলার কারণে পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরবাসী সচেতন হলে এ সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নালা–নর্দমা, ড্রেন ও খাল পরিষ্কার কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। নগরকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মেয়র রসুলবাগ খালের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে খোঁজ নেন। এ সময় তিনি দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। পাশাপাশি খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে দখল ও দূষণমুক্ত পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।














