চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলার ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) সিএমপির কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতাররা হলেন— মো. ফারুকুজ্জামান মুমিন (৪০), মো. জুয়েল রানা (৩৪), তানভীর হোসেন শারফিন (২৭), মো. সোহেল রানা (২৩) ও মো. বেলাল হোসেন (২১)।
পুলিশ জানায়, সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনারের (বাকলিয়া জোন) তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এএসআই মো. সোহেল আহমদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের করা মামলা নম্বর-৭৫, তারিখ ৩০ এপ্রিল ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা চট্টগ্রামের ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজউদ্দিন বাজারে আগত ব্যবসায়ী ও পথচারীদের জিম্মি করে ডাকাতির পরিকল্পনা করছিল।
এ উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ তারা ঘটনাস্থলে জড়ো হয়েছিল বলেও পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানান ওসি আফতাব।













