সৌদি থেকে কাল চট্টগ্রাম আসছে এক লাখ টন ক্রুড অয়েলবাহী জাহাজ

আমিরাত থেকে আসবে আরো এক লাখ টন দুই লাখ টনে দুই মাস উৎপাদন চালাতে পারবে ইস্টার্ন রিফাইনারি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে সৌদি আরব থেকে আসা এমটি নিনেমিয়া আগামীকাল চট্টগ্রাম পৌঁছাচ্ছে। বহির্নোঙরে পৌঁছার পর এই জাহাজের ক্রুড বিএসসি লাইটারিং করে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছে দেবে। আগামী ১০ মে আরেকটি জাহাজ এক লাখ টন ক্রুড নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে চট্টগ্রামের পথে যাত্রা করবে। আগামী ২০ মে জাহাজটি চট্টগ্রামে পৌঁছানোর সিডিউল রয়েছে। দুই লাখ টন ক্রুড অয়েল দিয়ে ইস্টার্ন রিফাইনারি অন্তত দুই মাস পুরোদমে উৎপাদন চালাতে পারবে। এর মধ্যে হরমুজ প্রণালির কারণে আটকে পড়া এক লাখ টন ক্রুডবাহী এমটি নরডিক্স পল্যাক্স জাহাজটিকেও দেশে আনার চেষ্টা চলছে।

সূত্র জানিয়েছে, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে বঙ্গোপসাগরে পৌঁছে গেছে ‘এমটি নিনেমিয়া’। জাহাজটি আগামীকাল বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। এই জাহাজটি চট্টগ্রামে পৌঁছানোর পর ইস্টার্ন রিফাইনারি পুরোদমে উৎপাদন শুরু করবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ক্রুড অয়েল পরিবহনের জাহাজ ম্যানেজসহ সবকিছু করে থাকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ক্রুড অয়েল আমদানির এই জাহাজটিও ভাড়া করেছে বিএসসি। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক গতকাল দৈনিক আজাদীকে জানান, আগামীকাল জাহাজটি এক লাখ টন ক্রুড নিয়ে পৌঁছাবে। ১০ মে আরেকটি জাহাজ এক লাখ টন ক্রুড নিয়ে চট্টগ্রামের পথে যাত্রা করবে। দুই লাখ টন ক্রুড মে মাসেই দেশে পৌঁছাচ্ছে।

অন্যদিকে আরো এক লাখ টন ক্রুড আনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, হরমুজের কারণে আটকা পড়া এক লাখ টন ক্রুডবাহী এমটি নরডিক্স পল্যাক্স জাহাজটিকেও নিয়ে আসার চেষ্টা চলছে। সবকিছু মিলে আগামী অন্তত তিন মাস ইস্টার্ন রিফাইনারিতে ক্রুডের কোন সংকট হবে না বলে বিপিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।

তারা বলেন, ইস্টার্ন রিফাইনারি দেশের জ্বালানি তেলের মাত্র ২০ শতাংশের যোগান দেয়। ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন ব্যাহত হলেও পরিশোধিত দেশ আমদানি বাড়িয়ে দেশের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। চলতি মাসে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে ১৫টি জাহাজে প্রায় পাঁচ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আসবে বলেও বিপিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ছাত্রদলের নতুন কমিটি বাতিল দাবিতে সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধদুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দেবে সরকার