চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকা এবং চট্টগ্রামের ১৫ উপজেলায় গতকাল পর্যন্ত হাম–রুবেলার টিকা পেয়েছে ৭ লাখ ৭৬ হাজার ৬৫৯ শিশু। এরমধ্যে উপজেলায় পেয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৫২০ জন এবং সিটি এলাকায় পেয়েছে ২ লাখ ৩৮ হাজার ১৩৯ জন। সিটি এলাকায় আগামী ২০ মে পর্যন্ত মাসব্যাপী ক্যাম্পেইনে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ২৮৫ জন। সে হিসেবে গতকাল পর্যন্ত ৭৯ শতাংশ টিকা পেয়েছে। অন্যদিকে চট্টগ্রামের ১৫ উপজেলায় আগামী ১০ মে পর্যন্ত ক্যাম্পেইন চলাকালে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৩ হাজার ২৫৫ জন। সে হিসেবে গতকাল পর্যন্ত ৯৮ দশমিক ৬৯ শতাংশ শিশু হামের টিকা পেয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয় জানা গেছে, আনোয়ারা উপজেলায় গতকাল পর্যন্ত টিকা পেয়েছে ২৭ হাজার ৪৮২ শিশু, বাঁশখালী উপজেলায় ৬১ হাজার ১৬৯ শিশু, বোয়ালখালী উপজেলায় টিকা পেয়েছে ২১ হাজার ৮৩০ শিশু, চন্দনাইশ উপজেলায় ২৯ হাজার ৭৯৭ শিশু, ফটিকছড়ি উপজেলায় ৪৭ হাজার ২৯৬ শিশু, হাটহাজারী উপজেলায় ৩৬ হাজার ২১২ শিশু, কর্ণফুলী উপজেলায় ১৭ হাজার ৪১০ শিশু, লোহাগাড়া উপজেলায় ৩০ হাজার ৭৮২ শিশু, মীরসরাই উপজেলায় ৪১ হাজার ১৭৫ শিশু, পটিয়া উপজেলায় ৩৮ হাজার ৩৬৩ শিশু, রাঙ্গুনিয়া উপজেলায় ৪৩ হাজার ৪৭০ শিশু, রাউজান উপজেলায় ২৯ হাজার ৭৮ শিশু, সন্দ্বীপ উপজেলায় ৩১ হাজার ৮৬২ শিশু, সাতকানিয়া উপজেলায় ৩৪ হাজার ৩৪২ শিশু এবং সীতাকুণ্ড উপজেলায় ৪৮ হাজার ২৫২ জন শিশু গতকাল পর্যন্ত হাম–রুবেলার টিকা পেয়েছে।
জানা গেছে, দেশব্যাপী হামের প্রকোপ বাড়ার কারণে সরকার দেশব্যাপী টিকা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে। আগে হামের প্রথম ডোজ ৯ মাস বয়সী শিশুদের দেয়া হলেও এখন সেটি ৩ মাস এগিয়ে ৬ মাস করা হয়েছে। ক্যাম্পেইনে টিকা দেয়া হচ্ছে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের। প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় কাজ করছে ৪৮টি স্থায়ী টিম, ২০৫টি অস্থায়ী টিম, ৪১টি মপ–আপ টিম এবং ১৪টি সন্ধ্যাকালীন টিকাদান সেশন।
অন্যদিকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ২০০টি ইউনিয়ন ও ৬০০টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ৪ হাজার ৮১৫টি টিকাদান কেন্দ্রে কাজ করছেন ৯২৯ জন মাঠকর্মী, ৫২৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এবং ৩৭১ জন মেডিকেল অফিসার।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামের ১৫ উপজেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ৯৮ দশমিক ৬৯ শতাংশ শিশু হাম–রুবেলা টিকা পেয়েছে। ক্যাম্পেইন চলবে আগামী ১০ মে পর্যন্ত। আশা করছি, টিকা প্রদানের এই অগ্রগতি অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সিটি কর্পোশেনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা দৈনিক আজাদীকে বলেন, এখন পর্যন্ত সিটি এলাকায় ৭৯ শতাংশ শিশুকে হাম–রুবেলার টিকা দেয়া হয়েছে। এবারের ক্যাম্পেইনে আমরা ৩ লাখ ২৮৫ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।














