জ্ঞানে, কর্মে, সৃজনে সবচেয়ে আলোচিত ও আলোড়িত বিদ্যাপীঠ আমাদের চট্টগ্রাম কলেজ। ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজে সারা দেশের প্রায় প্রত্যেকটি জেলা থেকে বর্তমানে ১৮ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। আর এই শিক্ষার্থীরা তাদের ফলাফলের মাধ্যমে চট্টগ্রাম বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই কলেজের ধারাবাহিক অবস্থান ধরে রেখেছে। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সব ধরনের সুবিধা থাকলেও দুঃখের বিষয় হলো, এখানে যাতায়াতের জন্য নির্দিষ্ট কোনো ছাত্রাবাস নেই। অনেক শিক্ষার্থী শুধুমাত্র অর্থ সংকটের কারণে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতে পারে না। আবার অনেকের অর্থ সংকট না থাকলেও যানবাহনের সমস্যার কারণে শত চেষ্টার পরেও তারা ক্লাসে উপস্থিত হতে পারে না। ফলে তাদের নিরবিচ্ছিন্ন পড়াশোনায় ব্যাঘাত ঘটে। এমন পরিস্থিতিতে প্রত্যেক শিক্ষার্থীর পড়াশোনার নিরবিচ্ছিন্ন পরিবেশ বজায় রাখার জন্য ছাত্রাবাস সুবিধা প্রদান অতীব জরুরি। ছাত্রাবাস সুবিধা থাকলে নিকট ও দূর উভয় এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবে এবং তারা তাদের পড়াশোনা নিরলসভাবে চালিয়ে যেতে পারবে।
তাই চট্টগ্রাম কলেজে ছাত্রাবাস সুবিধা শুধুমাত্র শিক্ষার্থীদের চাহিদাই নয়, বরং এটি সময়ের দাবি।
অন্তি বড়ুয়া
বাংলা বিভাগ,
চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।













