চট্টগ্রাম কক্সবাজার চার লেনের সড়ক চাই

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কটি বর্তমানে যেন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সড়কটি সংকীর্ণ হওয়ায় নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। গত শুক্রবার রাতে মৌলভীর দোকান ও কেরানীহাটের মাঝামাঝি স্থানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের বাবা ও মেয়ে নিহত হন। তাঁদের পরিবারের একজন নারী এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় একটি পরিবার কার্যত নিঃস্ব হয়ে পড়েছে। এ ছাড়া আরও চারজন গুরুতর আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

এমন পরিস্থিতিতে দেশের মানুষ কীভাবে নিরাপদে পথ চলবে? তাই চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নিত্যদিন কেউ না কেউ তাঁদের প্রিয়জনকে হারাচ্ছেন। অথচ এই মহাসড়কে পর্যাপ্ত গতিরোধক ও সঠিকভাবে চিহ্নিত জেব্রা ক্রসিংয়ের অভাব রয়েছে। যানবাহন চালকেরাও অনেক ক্ষেত্রে সড়কে চলাচলের নিয়মনীতি মেনে চলছেন না। এ পরিস্থিতিতে দুর্ঘটনা রোধে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন।

অতএব, মৃত্যুফাঁদে পরিণত হওয়া এই মহাসড়কটি দ্রুত চার লেনে উন্নীত করে দেশের নাগরিকদের দুর্ঘটনা ও অকালমৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা করা এবং নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

আবদুর রশিদ

শিক্ষক, উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি

সাতকানিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপ্রফুল্লচন্দ্র লাহিড়ী : কীর্তিমান কার্টুনিস্ট
পরবর্তী নিবন্ধকলম জীবনের পরম সুহৃদ