কর্ণফুলীতে ভাসছিল ৪ দিন ধরে নিখোঁজ যুবকের লাশ

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় জিতু চৌধুরী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ–পুলিশ। গত রোববার রাত ১০টার দিকে নদীর কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল তথ্যটি নিশ্চিত করেছেন সদরঘাট থানা নৌ–পুলিশের এসআই প্রবীর ভট্টাচার্য্য। মৃত জিতু চৌধুরী নগরীর গোসাইলডাঙ্গা বারিক বিল্ডিং এলাকার পরিমল চৌধুরীর ছেলে।

নৌ–পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদীর চরপাথরঘাটা এলাকায় নোঙর করা দুইটি জাহাজের মাঝে আটকে থাকা লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্তের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলে পরিবার এসে জিতুর লাশ বলে শনাক্ত করে।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই প্রবীর ভট্টাচার্য্য বলেন, গত ২২ অক্টোবর জিতু নিখোঁজের ঘটনায় ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। রোববার রাতে নদীতে তার লাশ পাওয়া যায়। জিতু চৌধুরী পারিবারিক ব্যবসা দেখাশুনা করতেন। বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন বলে পরিবার দাবি করছে।

এসআই প্রবীর ভট্টাচার্য্য বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধইনানীতে ৬ কোটি টাকার চার তলা রিসোর্ট ভেঙে দিল প্রশাসন