চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ গত ১৮ মার্চ দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার বেলা ১১টায় জমিয়তুল ফালাহ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর তাঁর গ্রামের বাড়ি সাতকানিয়ার ইছামতিকুলে উজির আলী চৌধুরী মসজিদে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ২০১১ সালের ১৪ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং ১৫ জুন ২০১১ থেকে ১৪ জুন ২০১৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং ২০২১ সালে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতাও তিনি।
১৯৫১ সালের ১ মে চট্টগ্রাম জেলার সাতকানিয়ার ইছামতিকুলে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবনে তিনি ১৯৬৭ সালে সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৯ সালে সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম ও এম.কম সম্পন্ন করেন। ১৯৮২ সালে ফিলিপাইন্স ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ‘দ্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস’ থেকে এশিয়ার ‘বেস্ট বি স্কুল অ্যাওয়ার্ড ২০১২’–এ ‘বেস্ট প্রফেসর ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট’ পদকে ভূষিত হন। প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির গভীর শোক প্রকাশ করেছেন।











