মসজিদ, এতিমখানায় স্বল্প খরচে গভীর নলকূপ দেয়ার কথা বলে প্রতারণা

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

একটি প্রতারক চক্র ফোন করে এনজিও সংস্থা পক্ষ থেকে মসজিদ, এতিমখানায় স্বল্পমূল্যে গভীর নলকূপ, ঢেউ টিন ও স্যানিটারি টয়লেট দেয়ার কথা বলে সহজ সরল মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। এই প্রতারকের ফাঁদে পা দিয়ে অনেকেই বিকাশে টাকা পাঠিয়ে এখন মাথায় হাত দিয়েছে।

জানা যায়, সম্প্রতি এক প্রতারক নিজেকে একটি এনজিও সংস্থার প্রকৌশলী পরিচয় দিয়ে ০১৭১০১০৪৯৭৩ মোবাইল নম্বর থেকে ফোন করে তাদের প্রতিষ্ঠান থেকে কিছু গভীর নলকূপ, ঢেউ টিন ও স্যানিটারি টয়লেট স্বল্প খরচ নিয়ে মসজিদ, এতিমখানায় বিতরণ করার খবর জানায়। যাদের প্রয়োজন তারা যেন নাম ঠিকানাসহ ঈদের আগে দ্রুততার সাথে এসব সমাগ্রী বুঝে পেতে যোগাযোগ করে। এমন ফোন পেয়ে অনেকেই ওই নম্বরে প্রতারক চক্রের সাথে যোগাযোগ করে স্বল্প খরচে নলকূপ পেতে বিকাশে টাকা পাঠায়। প্রতারকের ফাঁদে পড়া লোকজনের অভিযোগ, ওই প্রকৌশলী পরিচয় দেয়া লোকের সাথে ফোনে যোগাযোগ করলে ঈদের আগে নলকূপ, টিন দ্রুত পেতে চাইলে বিকাশ ০১৩৩৮৩৮০৭৪০ নম্বরে ১৮ হাজার টাকা পাঠাতে হবে। প্রতারকের দেয়া এই আশ্বাসে অনেকেই একটি গভীর নলকূপ ও অন্যান্য সামগ্রী পেতে বিকাশে টাকা পাঠায়। পরে মালামাল না পেয়ে ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। এতে তারা প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারেন।

প্রতারণার শিকার রাউজানের উরকিরচর ইউনিয়নের মিরা পাড়া গ্রামের দুটি মসজিদ কমিটির সদস্য। প্রতারণার শিকার একজন জানে আলম জানান, তাদের পৃথক দুটি মসজিদের জন্য গভীর দুটি নলকূপ পেতে উক্ত বিকাশ নম্বরে ১৮ হাজার করে পঠিয়েছেন। পরে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অভিযোগ পেয়ে এই প্রতিবেদক প্রতারক চক্রের নম্বরে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। প্রতারণার শিকার লোকজন এই প্রতারকচক্রটিকে খুঁজে বের করতে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতি আবেদন জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধতিন থানার ওসিসহ সিএমপির ৭ ইন্সপেক্টর পদে রদবদল
পরবর্তী নিবন্ধ২৫ মার্চ কালরাতে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা গণহত্যার শিকার হয়েছিল