ঈদের ছুটিতে স্থাপনা নির্মাণ করে খাস জমি দখলের চেষ্টা

পটিয়ায় আল মদিনা হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

ঈদের ছুটির সুযোগ নিয়ে পটিয়ায় সরকারি খাস জমি দখলের একটি বড় প্রচেষ্টা ভেস্তে দিয়েছে উপজেলা প্রশাসন। পটিয়া থানার মোড় এলাকায় অবস্থিত ‘আল মদিনা হোটেল’ এর মালিকপক্ষের অবৈধ দখলচেষ্টার বিরুদ্ধে গত মঙ্গলবার সকালে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, ঈদের ছুটিকে কাজে লাগিয়ে ‘আল মদিনা হোটেল’এর মালিকপক্ষ রাতারাতি সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি গোপনে সম্পন্ন করার চেষ্টা করা হলেও স্থানীয়ভাবে খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে। এসময় লোহার পাইপ ও এঙ্গেল দিয়ে তৈরী করা নির্মাণাধীন অবকাঠামো অপসারণ করে উপজেলা প্রশাসন।

অভিযানের সময় দেখা যায়, সরকারি জমি দখলের উদ্দেশ্যে ইতোমধ্যে সেখানে অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছে। পরে তাৎক্ষণিকভাবে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে খাস জমি পুনরুদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা। তিনি জানান, ঈদের বন্ধের সুযোগ নিয়ে সরকারি জমি দখলের অপচেষ্টা চালানো হয়েছিল। আমরা খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে তা প্রতিহত করেছি। একইসঙ্গে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি জমি রক্ষায় প্রশাসন সবসময়ই সতর্ক রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের দখলচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং সরকারি সম্পদ রক্ষায় নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অস্ত্রেরমুখে জিম্মি করে বসতঘরে ডাকাতি
পরবর্তী নিবন্ধতিন থানার ওসিসহ সিএমপির ৭ ইন্সপেক্টর পদে রদবদল