অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর কারখানায় ইফতার সামগ্রী তৈরিসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করার দায়ে নগরীর কাজীর দেউড়িস্থ শপিং ব্যাগকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকা ও দোকানে মূল্যতালিকা না টাঙানোর দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে শপিং ব্যাগ ছাড়াও ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় ব্যাটারি গলির ডক্টরস ফার্মেসিকে ৫ হাজার টাকা ও মূল্যতালিকা না টাঙানোর দায়ে নুর হোসেন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।










