মীরসরাইয়ের করেরহাট এলাকায় পাহাড় খেকো চক্র থেকে জব্দ করা মাটি কাটা পাহাড়েই প্রতিস্থাপন করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল রবিবার সকাল থেকে স্কেভেটর দিয়ে মাটি প্রতিস্থাপন করা হয়। এসময় বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রামগড়–সীতাকুণ্ড রিজার্ভ ফরেস্টের মীরসরাইয়ের করেরহাট রেঞ্জের আওতাধীন লক্ষীছড়ি খাল ও খাল সংলগ্ন টিলা থেকে সম্প্রতি ৫৫ হাজার ৮০০ ঘনফুট মাটি জব্দ করেছিল বন বিভাগ। ওই মাটি জব্দ করতে গিয়ে পাহাড়খেকো চক্রের হামলায় ৪ বন কর্মকর্তা আহত হয়েছিলেন। এই বিষয়ে বন আদালতে একটি রিট করেছিলেন চট্টগ্রাম উত্তরের সহকারী বন সংরক্ষক হারুনুর রশিদ। তিনি জানান, চট্টগ্রামের বন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুরুল আরিফ উক্ত জব্দকৃত মাটি পুনরায় প্রতিস্থাপন করার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে আদালতের নির্দেশ বাস্তবায়ন করেছে বন বিভাগের করেরহাট রেঞ্জ। মাটি প্রতিস্থাপনকালে উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী বনসংরক্ষক হারুনুর রশিদ, করেরহাট রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমান, করেরহাট বনবিটের স্টেশন কর্মকর্তা আলাল উদ্দিনসহ বিভিন্ন বিটের কর্মকর্তা এবং জোরারগঞ্জ থানার প্রায় অর্ধশত পুলিশ সদস্য।












