টেকনাফে ৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে ১০ লাখ ১০ হাজার ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৩ লাখ ২৪ হাজার টাকা। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

গত শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত টেকনাফ পৌরসভার লামার বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়। পরে জব্দ করা জাল কায়ুকখালী খালের পাড়ে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বাজারের পাশাপাশি বিভিন্ন ঘাট ও মাছ ধরার নৌযানেও কারেন্ট জাল মজুত ও ব্যবহারের অভিযোগ তুলে সেখানে অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেয় উপজেলা প্রশাসন। এতে অংশ নেয় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি), উপজেলা মৎস্য অধিদফতর, টেকনাফ মডেল থানা ও টেকনাফ নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে বিভিন্ন অবৈধ পথে কারেন্ট জাল টেকনাফে প্রবেশ করছে বলে অভিযোগ রয়েছে। পরে এসব জাল বিভিন্ন দোকানে বিক্রি করা হয়। পাশাপাশি সাগর ও নাফ নদীতে মাছ ধরতেও এসব জাল ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধআদালত সংকটে বাড়ছে মামলা জট
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৩০ লাখ টাকার ইলিশ ধরার জাল আটক