মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ছদ্মবেশে ভিড় সৃষ্টি করে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সাত নারীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সকাল ১১টা ১০ মিনিটের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারে চিকিৎসাসেবা নিতে আসা লোকজন লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছিলেন। এ সময় রোগীর ছদ্মবেশে ১০ থেকে ১১ জন নারী লাইনে দাঁড়িয়ে ভিড় ও ধাক্কাধাক্কি শুরু করেন। এ সুযোগে চিকিৎসাসেবা নিতে আসা তিন জন নারীর গলায় থাকা তিনটি স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে সাত নারীকে গ্রেপ্তার করে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানার ধররুল এলাকার আমেনা খাতুন (২৫), সালমা ওরফে তানিয়া বেগম (২৫), অজুফা বেগম (২৫), হালিমা (৩০), শানজিলা ওরফে সাদিয়া (২৩), তাহমিনা আক্তার (২০) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর থানার মীরপুর ইউনিয়নের আমিনা খাতুন (৩৬)। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারীরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা পেশাদার চোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মেলা, হাটবাজার ও ধর্মীয় অনুষ্ঠানে ভিড় সৃষ্টি করে সাধারণ মানুষের টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
থানার ওসি মোহাম্মদ আবদুল হালিম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।












