সৌদি আরবের মদীনা শহরের আল-উলা নামক এলাকায় খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে বাংলাদেশী এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২৫ অক্টোবর) সৌদি আরব সময় বিকাল আনুমানিক ৫ টার দিকে ওই ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত ওই রেমিট্যান্স যোদ্ধা যুবকের নাম আবু বকর সিদ্দিক (২৪)। তিনি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাতিয়ারকুলের ফরিদুল আলমের ছেলে।
নিহত আবু বকরের চাচা মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, বিগত সাড়ে ৪ বছর আগে সৌদি আরবের ভিসা নিয়ে আবু বকর প্রবাসে কাজ করতে যায়। সৌদি আরবের মদীনা শহরের আল-উলা নামক এলাকায় একটি খেজুর বাগানে সে কাজ করত। রবিবার রাতে খবর আসে, ওই খেজুর বাগানে কর্মরত অবস্থায় বজ্রপাত হলে আবু বকর ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তাদের পরিবারে দুই ভাই, দুই বোনের মধ্যে আবু বকর তৃতীয় সন্তান।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল কাদের চৌধুরী সৌদি আরবে খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে তার এলাকার আবু বকর সিদ্দিক নামের এক যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।












