অধ্যক্ষ কাজী আনোয়ারুল ইসলামের ইন্তেকাল

আজ জানাজা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫৫ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। গতকাল শনিবার রাত ৮টায় আন্দরকিল্লাস্থ জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কর্ণফুলী ফয়জুল বারী সিনিয়র মাদরাসার অধ্যক্ষ কাজী আনোয়ারুল ইসলাম খান পশ্চিম বাকলিয়াস্থ নূর বেগম জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে ও ভাই-বোনসহ অসংখ্য শিক্ষার্থী এবং রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ রোববার দুপুর ২টায় পটিয়াস্থ হুলাইন ছালেহ্‌ নুর ডিগ্রি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে তার ছোট ভাই ব্যাংকার আরিফুল ইসলাম জানান, আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খানকে গত ১৩ ফেব্রুয়ারি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার কোভিড-১৯ টেস্ট করানো হলে ফলাফল নেগেটিভ আসে। এ অবস্থায় ১৭ ফেব্রুয়ারি তাঁর লাঞ্চ ইনফেকশন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতে সেখানকার চিকিৎসকরা তাকে জেনারেল হাসপাতালের আইসিইউতে রেফার করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মাওলানা আনোয়ারুল ইসলাম খান পটিয়া উপজেলা হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের ফখর খান বাড়ির মরহুম আবদুস সোবহান খানের প্রথম পুত্র। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আাল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির সাবেক কর্মকর্তা জাফর আহমদ সিদ্দিকীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির বার্ষিক সাধারণ সভা