করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলা, ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধে নাগরিক সচেতনতায় মাঠে নেমেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। নগরবাসীকে নিজ বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের আশ-পাশ পরিস্কার রাখার বার্তা জানিয়ে তিনি গতকাল বুধবার নগরীর কাজীর দেউড়ি কাঁচা বাজার পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় করোনা প্রতিরোধে বাজারে আসা ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক, সাবান বিতরণ ও বাজারের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে সংরক্ষণের জন্য থলে (ব্যাগ) সরবরাহ করেন প্রশাসক সুজন। তখন মাস্ক না থাকায় বাজারের এক মাছ বিক্রেতাকে এক দিনের মাছ বিক্রি না করার নির্দেশনা দেন তিনি। এছাড়া যাত্রাপথে প্রশাসক বিভিন্ন গণপরিবহন থামিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন না করার জন্য সতর্ক করেন।
প্রশাসক বাজারের ব্যবসায়ীদের সরবরাহ করা ব্যাগে ময়লা জমানোর পর তা কর্পোরেশনের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার আহ্বান জানিয়ে বলেন, আমরা আপনাদের সচেতন ও অনুরোধ করছি। কাজ না হলে শীঘ্রই কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত মাস্ক পরা নিশ্চিত ও যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ অভিযান চালিয়ে জরিমানা ও শাস্তির ব্যবস্থা নিবে। পরিদর্শনকালে প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, বাগমনিরাম ওর্য়াড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাচ্চু, অতিরিক্ত প্রধান পরিছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম, পরিছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, আলী আকবর, রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










