ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের করা তদন্ত কমিটি সংবাদ সম্মেলনে এসে প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্ত নিলেও সেখান থেকে সরে এসেছে। গতকাল রোববার দুপুরের পর এই প্রতিবেদন প্রকাশ করার কথা থাকলেও তা ‘অনিবার্য’ কারণে হচ্ছে না বলে জানান এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তরিকুল ইসলাম মুকুল। খবর বিডিনিউজের।
তিনি বলেন, ‘আমরা দুপুরের পর সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিলেও তা অনিবার্য কারণে বাতিল করতে হয়েছে। প্রতিবেদন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।’ সরকারের করা তদন্ত কমিটিকে সব ধরনের সহায়তায় করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষের করা তদন্ত কমিটির প্রতিবেদনে কী আছে, সে ব্যাপারে কোনো তথ্য দেননি তরিকুল ইসলাম।
কোরবানির ঈদের আগের দিন বুধবার ভোরের দিকে আদ–দ্বীন হাসপাতালের ‘পোস্ট অপারেটিভ’ ওয়ার্ডে থাকা ছয় শিশুর সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একে একে তাদের মৃত্যু হয়। ওই ঘটনায় দেশব্যাপী ‘গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভের’ সৃষ্টি হয়। এই ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে।
৩ লাখ টাকা জরিমানা :
এদিকে বাংলানিউজের খবরে বলা হয়, তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল। নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার বিকেলে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযান শেষে সংবাদ সম্মেলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, হাসপাতালের বিভিন্ন অংশ দীর্ঘ সময় ধরে পরিদর্শন করার পর কিছু অনিয়ম ধরা পড়ে।
এর ফলে নিরাপদ খাদ্য আইনের আওতায় দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লাখ টাকা, অর্থাৎ মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই জরিমানার অর্থ পরিশোধ করেছে।












