বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত লেভেল–২ কোচিং কোর্সে অংশ নিয়েছিলেন ৩২ জন। যেখানে পাস করতে পেরেছেন মাত্র ৮ জন। অর্থাৎ ২৪ জনই উত্তীর্ণ হতে পারেননি। পরীক্ষায় পাস করে লেভেল–২ কোচিং সনদ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন মো. তারিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসাইন, মো. রায়হান উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ নাজিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. শাহীন হোসাইন ও তারেক বিন দেলোয়ার। গত ১৫ জুলাই মিরপুর শের–ই–বাংলায় শুরু হয়েছিল বিসিবির লেভেল–২ কোচিং কোর্স। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে ছয় দিনব্যাপী এই কোর্স চলে ২০ জুলাই পর্যন্ত। কোর্সটি পরিচালনা করেন আইসিসির লেভেল–৩ মাস্টার এডুকেটর বিনোদ কুমার দাস। এতে মোট ৩২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এই কোর্সে ছিলেন সাবেক ক্রিকেটাররাও। অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জন সাবেক ক্রিকেটার ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশ পুরুষ জাতীয় দলের তিনজন এবং নারী জাতীয় দলের দুইজন সাবেক ক্রিকেটারও অংশ নেন।












