প্রথমবারের মতো এশিয়ান মঞ্চে খেলছে বাংলাদেশের ফর্টিস এফসি। অভিষেক ম্যাচে কিংস অ্যারেনায় কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে ১–০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব নিশ্চিত করেছে তারা। কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেড গত বছরও ঢাকায় এসেছিল। ঢাকা আবাহনীকে হারিয়েছিল। এবার ফর্টিসের কাছে পরাজিত হয়েছে। ম্যাচে পিছিয়ে পড়ে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি তারা। মুরাস ইউনাইটেড গরমে স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি। পাশাপাশি ফর্টিস পরিকল্পিত ফুটবল খেলেছে। প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। বল দখল ও আক্রমণে দুুই দলই সমান সমান ছিল। দ্বিতীয়ার্ধের সাত মিনিটে ম্যাচের চিত্র বদলে দেন ইব্রাহিম। ৫২ মিনিটে গাম্বিয়ান ওমরের বাড়ানো বলে ইব্রাহিম বক্সের মধ্যে বল পান। ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে জোরালো শটে গোল করেন। পিছিয়ে পড়ে মুরাস গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ৮০ মিনিটে একটি পেনাল্টি পায়। মুরাসের ফরোয়ার্ডের নেয়া শট সাইড পোস্টে লেগে ফেরত আসে। এতে আরো উজ্জীবিত হয় ফর্টিস। ম্যাচের বাকি সময় মুরাস সমতা আনার চেষ্টা করলেও ফর্টিসের লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা ও ডিফেন্ডারদের জন্য আর গোল পায়নি সফরকারীরা। ফর্টিস বাংলাদেশের ফুটবলে নবাগত দল। মাত্র বছর ছয়েক হলো তাদের লিগে পথ চলা। এবার লিগে তৃতীয় স্থান অর্জন করেছিল। চ্যাম্পিয়ন কিংস ও রানার্স আপ ঢাকা আবাহনী ফিফা নিষেধাজ্ঞায় থাকায় ফর্টিস ও পুলিশ এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পাচ্ছে।












