অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে সুযোগ তৈরি হওয়াটাই বেশ কঠিন। আর সেই কঠিন সুযোগ বা ‘হাফ চান্স’ তৈরি হলে তা যেকোনো মূল্যে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদার। অজিদের বিপক্ষে সাফল্য পেতে মাঠের প্রতিটি মুহূর্তে ক্রিকেটারদের সর্বোচ্চ সজাগ থাকার বার্তা দিয়েছেন তিনি। দলের সামপ্রতিক ফিল্ডিং প্রস্তুতি নিয়ে আশিক মজুমদার জানান, ক্রিকেটাররা প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন এবং তাদের উন্নতি চোখে পড়ার মতো। বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা মাথায় রেখে স্লিপ ক্যাচিং, হাই ক্যাচ এবং বাউন্ডারি লাইনের ক্যাচিংয়ে বাড়তি নজর দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রস্তুতি ম্যাচটি বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন এই কোচ। তিনি বলেন, ‘প্র্যাকটিস ম্যাচ খেলায় আমাদের অনেক উপকার হয়েছে। কে কোন পজিশনে ভালো করছে, তা পর্যবেক্ষণ করা হয়েছে। অনুশীলনী ম্যাচে দলের সবাই খুব ভালো ফিল্ডিং করেছে এবং বেশ কিছু কঠিন ক্যাচও লুফে নিয়েছে।’ প্রতিপক্ষ দলে তারকা ও বিশ্বমানের ক্রিকেটারের ছড়াছড়ি থাকলেও তা নিয়ে বাড়তি কোনো ভয় কাজ করছে না বাংলাদেশ শিবিরে। কোচের মতে, দলের অভিজ্ঞ খেলোয়াড়রা ভালো করেই জানেন কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হয়। এদিকে লিটনের ফিটনেস নিয়ে স্বস্তির খবর জানান ফিল্ডিং কোচ। অস্ট্রেলিয়ার মাটিতে ফিল্ডিংয়ের আসল চ্যালেঞ্জটি তুলে ধরে আশিক মজুমদার বলেন, ‘লঙ্গার ভার্সনে অনেক সময় দীর্ঘক্ষণ বল ফিল্ডারের কাছে আসে না, কিন্তু যখন একটি সুযোগ আসে, সেটিই কাজে লাগাতে হয়। লংগার ভার্সন ক্রিকেটে এই হাফ চান্সগুলোকে ফুল চান্সে রূপান্তর করাই এখন আমাদের ক্রিকেটারদের মূল লক্ষ্য।’












