হালদার পাড়ে জুয়ার আসর গুঁড়িয়ে দিল পুলিশ

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ জুয়ার আসরে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে জুয়ার আসরটি সম্পূর্ণ ধ্বংস করা গেলেও কাউকে হাতেনাতে আটক করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, হালদা নদীর তীরবর্তী সুন্দরপুর নাছির মোহাম্মদ ঘাটের পশ্চিম পাশে নির্জন এলাকায় পলিথিন ও বাঁশের অস্থায়ী শেড তৈরি করে প্রভাবশালী একটি চক্র নিয়মিত জুয়ার আসর বসাত। গতকাল দুপুরে ফটিকছড়ি থানা ও ভূজপুর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে জুয়াড়িদের আস্তানাটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

ফটিকছড়ি থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম সংবাদমাধ্যমকে বলেন, হালদার পাড়ে অপরাধীদের কোনো আস্তানা থাকতে দেওয়া হবে না। এই আসরের কারণে এলাকার যুবসমাজ নষ্ট হচ্ছিল এবং চুরিছিনতাই বাড়ছিল। জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান করার পাশাপাশি তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এলাকাবাসীর দাবি, হালদা নদীর তীরে নিয়মিত পুলিশি টহল জোরদার করা হলে ভবিষ্যতে এ ধরনের অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হবে।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’
পরবর্তী নিবন্ধশিক্ষাই একটি উন্নত জাতি গঠনের প্রধান শক্তি