চট্টগ্রাম নগরীর কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বিদ্যালয়ের বার্ষিক প্রকাশনা ‘স্পন্দন’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাই একটি উন্নত জাতি গঠনের প্রধান শক্তি। একটি আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়তে হলে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের সিনিয়র সহকারী সচিব ও শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনযাপন ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যেখানে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অবদান রাখা শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বিদ্যালয়ের বার্ষিক প্রকাশনা ‘স্পন্দন’–এর মোড়ক উন্মোচন। প্রধান অতিথি ও সভাপতির উপস্থিতিতে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।









