সিরিয়ায় জর্ডানের বিমান বাহিনীর হামলা

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

জর্ডানের বিমান বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলে কথিত জঙ্গি আস্তানায় হামলা চালিয়েছে। সমপ্রতি জর্ডানের একটি গির্জায় হওয়া হামলার প্রতিক্রিয়ায় আঘাত হানা হয়। খবর বিডিনিউজের। সোমবার জর্ডান বলেছে, গত সপ্তাহে গির্জায় ওই প্রাণঘাতী হামলার পেছনে থাকা সন্দেহভাজনদের সঙ্গে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর যোগসূত্র রয়েছে, এমনটি নির্ধারণের পর রাতে তাদের আস্তানায় আঘাত হানা হয়। জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দামেস্কের সঙ্গে সমন্বয় করেই অভিযানটি চালানো হয়েছে। কিন্তু রয়টার্স বলছে, সিরিয়ার সরকার এ বিষয়ে পরস্পরবিরোধী বিবরণ দিয়েছে। এক বিবৃতিতে দামেস্ক জানিয়েছে, তারা জর্ডান থেকে হওয়া হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে। বিবৃতিতে সীমান্ত এলাকায় মাঠপর্যায়ের ও নিরাপত্তা সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দামেস্ক জর্ডানকে জানিয়েছে যে কোনো পূর্ব সমন্বয় ছাড়াই চালানো হামলাগুলোর বিষয়ে তাদের পূর্ণ আপত্তি রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৪.৭২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের