দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো ছয় জনের মৃত্যু হয়েছে। তাতে সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৮১৬ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭২১ জন মারা গেছে। আর নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে ৯৫ জনের ক্ষেত্রে।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩১৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৬ জন। এছাড়া রাজশাহীতে ৯০, ময়মনসিংহে ৬৭, চট্টগ্রামে ৫৭, বরিশালে ৪৩, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১০ জন মারা গেছে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ৬১৩ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৫৮১ জন। আর এই সময়ে নমুনা পরীক্ষায় ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ২৯৮। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।
এ পর্যন্ত হাসপাতালে যাওয়া রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৭৬৩, তাদের মধ্যে ১৫ হাজার ২৭২ জনের ক্ষেত্রে নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। তবে চিকিৎসা নিতে আসা বা হাসপাতালে ভর্তি সবার নমুনা পরীক্ষা না হওয়ার কারণে ওই সংখ্যা দিয়ে প্রকৃত পরিস্থিতি বোঝা যায় না।











