ডেমোক্র্যাটরা কারচুপি করেছিল, তাই তৃতীয়বার নির্বাচনের অধিকার আছে : ট্রাম্প

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তার দাবি, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা কারচুপি করে জয়ী হয়েছিল। এ কারণে তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর অধিকার রয়েছে তার। বৃহস্পতিবার সন্ধ্যায় আইওয়া রাজ্যের সিউক্স সিটিতে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে একথা বলেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কেউ দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। খবর বিডিনিউজের।

সমাবেশে ট্রাম্প এই সাংবিধানিক বাধার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমি জানি না আপনাদের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন। আমার মনে হয় আইনে বলা আছে–যদিও আমি শতভাগ নিশ্চিত নই, কিন্তু আমার মনে হয় আইনে বলা আছে যে, আমার আর নির্বাচনে দাঁড়ানোর অনুমতি নেই।’

কিন্তু একথার পরই ২০২০ সালের নির্বাচন নিয়ে পুরোনো অভিযোগ তুলে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা ওই নির্বাচনে তার কাছ থেকে জয় চুরি করে নিয়েছিল। সহাস্যে তিনি বলেন, ‘একটি বিষয় ভিন্ন: দ্বিতীয়বার তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছিল। কারণ, আমরা মূলত তিনবারই জয়ী হয়েছি। তাই আমার মনে হয়, আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আমার আছে। তারা কারচুপি করেছিল বলেই আমার মনে হয় আবারও নির্বাচনে দাঁড়ানোর অধিকার আমার আছে।’ তার এ মন্তব্যে সমাবেশে উপস্থিত সমর্থকরা করতালি দেন।

ট্রাম্প এর আগেও একাধিকবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ২০২৫ সালের অক্টোবরে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়াতে পারলে তিনি খুশি হতেন।

পূর্ববর্তী নিবন্ধএক ব্যক্তিকে ডেকে নিয়ে ছিনিয়ে নেওয়া বাইকটি উদ্ধার
পরবর্তী নিবন্ধকণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলি