বহির্নোঙরের নিরাপত্তায় কোস্ট গার্ডের জিরো টলারেন্স

চুরি ও পাইরেসির ঘটনা কমেছে

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৪:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। বাহিনীটির দাবি, নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের ফলে বহির্নোঙরে ছিঁচকে চুরি ও পাইরেসির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। গত ছয় মাসে বহির্নোঙর এলাকায় কোস্ট গার্ড ৩ হাজার ৪৮৫টি টহল ও ১১২টি বিশেষ অভিযান পরিচালনা করে। বহির্নোঙরের নিরাপত্তার বিষয়ে কোস্ট গার্ড জিরো টলারেন্স অবস্থানে রয়েছে বলে উল্লেখ করা হয়।

গতকাল শনিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৩ জাহাজে লুট, নিরাপত্তা উদ্বেগ’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে কোস্ট গার্ডের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সংবাদে উল্লেখিত তিনটি জাহাজের মধ্যে দুটি জাহাজের ঘটনায় কোস্ট গার্ডকে অবহিত করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এতে কোনো মালামাল চুরি হয়নি। বরং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) এবং লেটার অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেছে। অথচ ওই জাহাজ থেকে মূল্যবান সরঞ্জাম লুটের তথ্য প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। অন্য একটি জাহাজের বিষয়ে কোস্ট গার্ড জানায়, চুরির সময় তাদের অবহিত করা হয়নি। ঘটনার প্রায় ৭ ঘণ্টা ১৫ মিনিট পর সংশ্লিষ্ট শিপিং এজেন্ট বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে বোর্ডিং টিম পাঠানো হয় এবং মালামাল উদ্ধারের কার্যক্রম শুরু করা হয়, যা এখনো চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিধি অনুযায়ী সংশ্লিষ্ট জাহাজগুলোতে নিবন্ধিত ওয়াচম্যান থাকার কথা থাকলেও সেখানে কোনো অনুমোদিত ওয়াচম্যান ছিল না। বিষয়টি নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ঘাটতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাকারবারি ও ছিঁচকে চোরেরা মৎস্য আহরণের আড়ালে এবং বিভিন্ন অজুহাতে বহির্নোঙরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে অপরাধ করে। এ ধরনের অপরাধ দমনে গত রাতেও কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান চালিয়ে ১৬টি নৌযানসহ ৪১ জনকে আটক করেছে।

কোস্ট গার্ড জানায়, গত ছয় মাসে পরিচালিত ১১২টি অভিযানে বিভিন্ন অবৈধ মালামাল জব্দের পাশাপাশি ৩৪ জন চোরাচালানকারী ও ছিঁচকে চোরকে আটক করা হয়েছে। গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দেশের সামুদ্রিক খাতের ভাবমূর্তি ও আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে যেকোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রয়োজন। বিবৃতিতে বলা হয়, জনবল এবং প্রয়োজনীয় বোট ও সরঞ্জামের কিছু সীমাবদ্ধতা থাকলেও বর্তমান সরকারের উদ্যোগে কোস্ট গার্ডের জন্য দুটি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজন এবং জনবল বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাহিনীর আভিযানিক সক্ষমতা আরো বাড়বে।

পূর্ববর্তী নিবন্ধহামের উপসর্গ নিয়ে আরো ৬ মৃত্যু
পরবর্তী নিবন্ধবায়েজিদে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার