দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ে দেশে আরো ১১৭ জনের হাম শনাক্ত হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়, সারাদেশে ১৫ মার্চ থেকে এদিন সকাল ৮টা পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২২ জনে। এর মধ্য দিয়ে হাম ও এ রোগের উপসর্গ নিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৬১৩ জন। খবর বিডিনিউজের।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২১৬ জন ঢাকায় মারা গেছে; আর ৮৫ জনের প্রাণ গেছে রাজশাহী বিভাগে। সিলেট বিভাগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় ৯১৫ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে। এরমধ্যে ৮৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৫৫ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১০ জন ভর্তি হয়েছে রংপুরে। এ নিয়ে দেশে হামের উপসর্গ থাকা রোগীয় সংখ্যা দাঁড়াল ৭৭ হাজার ৭৯১ জনে। আর হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৬২০টি নমুনায়।











