কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় ফারজানা আক্তার মিশু (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইছানগর গ্রামে এ ঘটনা ঘটে। ফারজানা আক্তার ওই এলাকার মো. মহিউদ্দিনের স্ত্রী। তাদের পাঁচ ও তিন বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির একটি কক্ষে ফারজানাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে যাওয়া কর্ণফুলী থানার উপপরিদর্শক তিথাংকর দাস বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্বামী–স্ত্রীর মধ্যে কোনো ধরনের বিরোধের কথা তাদের জানা নেই। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।











