চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানার গেটে গাড়ি রাখা নিয়ে থানার কনস্টেবল মো. শফিকের সঙ্গে ইসমাইল হোসেনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনায় কনস্টেবল শফিক আহত হন। পরে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, থানার গেটে গাড়ি রাখা নিয়ে কনস্টেবল শফিকের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ ঘটনায় যুবদল নেতা ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দাবি, সামান্য কথা কাটাকাটির জেরেই ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ইসমাইল হোসেনকে ছাড়িয়ে নিতে সীতাকুণ্ড মডেল থানায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ভিড় করেন। এ ঘটনায় থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।












