সিসিএ কিডস অনূর্ধ্ব-১২ ক্রিকেটে রবিন লিগ সম্পন্ন

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট একাডেমি (সিসিএ) আয়োজিত সিসিএ কিডস অনূর্ধ্ব–১২ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ দুই ম্যাচের মাধ্যমে ৪ দলের রবিন লিগ পর্ব সম্পন্ন হয়েছে। গতকাল শনিবারের ম্যাচগুলোতে সিসিএ কিংস ও সিসিএ ওয়ারিয়র্স দুর্দান্ত জয় তুলে নিয়েছে। প্রথম ম্যাচে সিসিএ কিংস ৬ উইকেটে জয়লাভ করেছে। টস জিতে প্রথমে ব্যাটিং করে সিসিএ লায়ন্স নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। পূর্ণদ্বীপ ৩৫ রান, আইমান ৩০ রান ও হোসাইন ১২ রান করে। সিসিএ কিংসের মুশফিক ৫ উইকেট দখল করে। এ ছাড়াও মেহেদী ২টি ও রোহান ১ উইকেট লাভ করে। জয়ের জন্য ১০৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে সিসিএ কিংস ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। মাত্র ৪২ বলে সিসিএ কিংসের মুশফিক (অপ. ৪৮ রান)ও রোহান (অপ. ৩৯ রান) এর অবিচ্ছিন্ন ৮৫ রানের দুর্দান্ত জুটি দলের জয়ে মুখ্য ভূমিকা রাখে। বল হাতে ৫উইকেট এবং ব্যাট হাতে অপরাজিত ৪৮ রান করে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় মুশফিক। তার হাতে পুরষ্কার তুলে দেন সিসিএ’র সাবেক কৃতী ক্রিকেটার মো. আফফান মানিক। দ্বিতীয় ম্যাচে সিসিএ ওয়ারিয়র্স ৫৮ রানের ব্যবধানে সিসিএ রয়্যালসকে পরাজিত করে। প্রথমে ব্যাটিং করে সিসিএ ওয়ারিয়র্স ১২০ রানের স্কোর গড়ে। রাজ ৪২ রান, সামিয়া ৩৩ রান ও রুমা ২৬ রান করে। জবাবে ব্যাটিং করতে নেমে সিসিএ রয়্যালস মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায়। ব্যাট হাতে ৩৩ রান এবং বল হাতে ৪ উইকেট নিয়ে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে প্লেয়ার অব দ্য ম্যাচ সামিয়া, তার হাতে ক্রেস্ট তুলে দেন সিসিএ’র সাবেক কৃতী ক্রিকেটার মো. জামাল উদ্দিন হিমেল। আগামী ১৭ অক্টোবর শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবরিশালের বিপক্ষে পিছিয়ে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধসেমিতে আকুবদন্ডী, ডায়নামিক, বড়উঠান ক্রীড়া সংস্থা ও রামপুর