জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড শুরুর দিনে কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে স্রেফ ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি মইন খান। বাঁহাতি স্পিনে হাসান মুরাদ নেন ৪টি উইকেট। প্রথম দিন শেষে বরিশালের চেয়ে ২১০ রানে পিছিয়ে মুরাদের চট্টগ্রাম। প্রথম ইনিংসে ২৮২ রানে গুটিয়ে গেছে বরিশাল। জবাবে উইকেট না হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ ৭২ রান।
টস জিতে ব্যাট করতে নেমে বরিশালের শুরু তেমন ভালো হয়নি। এক প্রান্ত আগলে রেখে ৮২ বলে ৬৩ রান করেন জাওয়াদ আবরার। ৮ চার ও ২ ছক্কায় সাজান নিজের ইনিংস। ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর প্রতিরোধ গড়েন মইন ও হাফিজুর রহমান। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন ৯৯ রান। ৪৪ রান করা হাফিজুরকে বোল্ড করেন মুরাদ। এরপর একাই দলকে টানেন মইন। মুরাদের বলে ছক্কা মেরে ৯১ থেকে তিনি পৌঁছে যান ৯৭ রানে। পরের বল আবারও বড় শট খেলার চেষ্টায় বোল্ড হয়ে যান অফ স্পিনিং অলরাউন্ডার। ১১৩ বলের ইনিংসে ১১ চারের সঙ্গে তিনি মারেন ২টি ছক্কা। পরে দিনের বাকি ১২ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন চট্টগ্রামের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদিকুর রহমান। ওয়ানডে মেজাজে খেলে ৪১ বলে ২৯ রানে অপরাজিত জয়, সাদিকুর খেলছেন ৩৩ বলে ৪১ রানে।












