চিটাগং স্টক এক্সচেঞ্জের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক স্মরণে গতকাল সোমবার সিএসই প্রধান কার্যালয়ে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১৫ জুলাই তিনি ইন্তেকাল করেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্মরণসভায় সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সহকর্মীরা মরহুমের কর্মজীবন, অসামান্য নেতৃত্ব এবং বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে তাঁর অগ্রণী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, এ. বি. সিদ্দিক ছিলেন একজন দূরদর্শী, সৎ, কর্মনিষ্ঠ ও প্রজ্ঞাবান নেতৃত্বের অধিকারী, যিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শক্ত ভিত রচনা এবং প্রাতিষ্ঠানিক বিকাশে অনন্য অবদান রেখেছেন। স্মৃতিচারণ করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। স্মরণসভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।












