২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা কর্মকর্তা নিদাল মালিক হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সমপ্রচারের পরিকল্পনা করছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। আগামী ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডে গুলি করে তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। এ পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বাংলানিউজের।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পেন্টাগনের এক কর্মকর্তা মৃত্যুদণ্ড সরাসরি সমপ্রচারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, মৃত্যুদণ্ড কার্যকরের সময় সাধারণ মানুষ তা দেখতে পারবেন। এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে নজিরবিহীন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
হেগসেথ জানান, আগামী ৩ ডিসেম্বর টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে স্থানীয় সময় বেলা ১টায় হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ২০০৯ সালে যে ঘাঁটিতে তিনি হামলা চালিয়েছিলেন, সেখানেই তার মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা করা হয়েছে। হামলার সময়ের সঙ্গে মিল রেখে মৃত্যুদণ্ড কার্যকরের সময় নির্ধারণের কথাও জানান তিনি। ‘রিয়েল আমেরিকা’স ভয়েস’ নামের একটি মার্কিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় হেগসেথ বলেন, মানুষ যেন মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা দেখতে পারে, তা নিশ্চিত করা হবে। তার ভাষ্য, এ ধরনের অপরাধের গুরুতর পরিণতি সম্পর্কে মানুষকে জানানো প্রয়োজন। এর আগে সোমবার পেন্টাগন জানায়, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সুপারিশে হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে সেনাবাহিনী জানায়, আগামী ৩ ডিসেম্বর ফোর্ট হুডে এ দণ্ড কার্যকরের পরিকল্পনা রয়েছে।











