ইস্তাম্বুলে ভবন ধসে শিশুসহ নিহত ৫

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচের কয়েকটি তলা ধসে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনই শিশু। শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। নগর কর্তৃপক্ষের কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। নগর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চলার পর স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে সর্বশেষ নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে তল্লাশি ও উদ্ধারকাজ শেষ হয়েছে। খবর বাসসের।

পাঁচ ও ১০ বছর বয়সী দুই কন্যা এবং ১২ বছর বয়সী এক কিশোরসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভবনটির নিচের তিনটি তলা ধসে পড়ে। তবে উপরের চারটি তলা ধ্বংসস্তূপের উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। ইস্তাম্বুলের উপমেয়র নুরি আসলান সাংবাদিকদের বলেন, ‘ভবনটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল। সে সময়ের নির্মাণবিধি অনুযায়ী এর বেসমেন্ট, নিচতলা এবং প্রথম ও দ্বিতীয় তলা তৈরি করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে উপরের তলাগুলো নির্মাণ করা হয়। দুর্ঘটনাস্থলের আশপাশে বসবাসকারী ৫৫ জনকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইলেকট্রনিক্স ডিভাইস পরীক্ষায় চীনা ল্যাব নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধসাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র