ইউরোপিয়ান পার্লামেন্ট ভবনের ভেতর প্রদর্শিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশাল নগ্ন সোনালি মূর্তি। ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত ইউরোপীয় পার্লামেন্টে ডেনমার্কের ভাস্কর জেনস গালশিওট মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এই ২ দশমিক ৬ মিটার উঁচু স্বর্ণ ও ব্রোঞ্জের মূর্তিটি উন্মোচন করেন। খবর বিডিনিউজের।
এর নাম দেওয়া হয়েছে ‘অরেঞ্জ প্লেগ’ বা কমলা মহামারী। এতে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট এক হাতে একটি গল্ফ ক্লাব ও পৃথিবীর আকৃতির একটি বল এবং অন্য হাতে ন্যায়বিচারের দাঁড়িপাল্লা ধরে এক জন কৃশ ও খর্বকায় মানুষের কাঁধের উপর চেপে বসে রয়েছেন। দুই হাঁটু দিয়ে শক্ত করে চেপে রয়েছেন সেই ব্যক্তির মাথা। ইউরোপীয় পার্লামেন্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সাময়িক প্রদর্শনের জন্য মূর্তিটি ভবনের ভেতরে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য পার ক্লসেন।
ভাস্কর্যের নীচে একটি ফলক রয়েছে, তাতে লেখা “আমি একজন মানুষের পিঠে চড়ে বসে আছি। তিনি আমার ভারে নুয়ে পড়ছেন। তাকে সাহায্য করার জন্য আমি সব কিছুই করব। শুধু তার পিঠ থেকে নেমে যাওয়া ছাড়া।










