সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৬৩ জনের বিরুদ্ধে দুদকের পৃথক তিনটি মামলা

১৪১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৫:২৪ পূর্বাহ্ণ

সিমেন্টের কাঁচামাল ক্রয়ের ভুয়া বিল তৈরি করে ২৭টি ডিলের মাধ্যমে ১৪১ কোটি ৩০ লাখ টাকা উত্তোলন করে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৬৩ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান, সহকারী পরিচালক মো. শোয়াইব ইবনে আলম ও উপসহকারী পরিচালক মো. সজীব আহমেদ বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এ মামলা তিনটি দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার দুদকের পক্ষ থেকে মামলাগুলো দায়ের করার জন্য অনুমোদন দেওয়া হয়। দুদক পিপি মোকাররম হোসাইন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, মামলা তিনটিতে যথাক্রমে ১৬ জন, ২০ জন ও ২৭ জনকে আসামি করা হয়। জাবেদ ও তার স্ত্রী আরামিট সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামানসহ কয়েকজনকে তিনটি মামলাতেই আসামি করা হয়েছে। দুদক আরো জানায়, সিমেন্টের কাঁচামাল ক্রয়ের নাম করে ভুয়া বিল তৈরি করে ইসলামী ব্যাংক জুবিলী রোড শাখা থেকে ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছে জাবেদের কোম্পানি আরামিট সিমেন্ট পিএলসি বাংলাদেশ। বিষয়টির অনুসন্ধান চলছে। এর মধ্যে ২৭টি ডিলের মাধ্যমে গৃহীত ১৪১ কোটি ৩০ লাখ টাকা উত্তোলন করে স্থানান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আত্মসাৎ বিষয়ের অনুসন্ধান শেষ হয়েছে। এরইপ্রেক্ষিতে উক্ত ১৪১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ ঘটনায় উক্ত পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ২০ মার্চ ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক সাজিয়ে ভুয়া ও জাল ডকুমেন্ট প্রস্তুত করে ব্যাংক হিসাব খুলে একটি ভুয়া ডিলের মাধ্যমে ৫৭ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অপরাধ সংঘটিত হয়েছে। ২০ ও ২৭ জনের বিরুদ্ধে হওয়া পৃথক অন্য দুটি মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৪ এপ্রিল ও ২০২০ সালের ৬ আগষ্ট একই প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ভুয়া ও জাল ডকুমেন্ট প্রস্তুত করে ব্যাংক হিসাব খুলে যথাক্রমে ৯টি ও ১৭টি ভুয়া ডিলের মাধ্যমে যথাক্রমে ৪২ কোটি ৭ লাখ টাকা ৫০ হাজার টাকা ও ৪১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন আসামিরা। আত্মসাৎকৃত এসব টাকা দুবাই, যুক্তরাজ্য ও আমেরিকায় পাচার করা হয়েছে বলেও মামলাগুলোর এজাহারে বলা হয়।

পূর্ববর্তী নিবন্ধআকস্মিক বন্যায় নেপালে বিপর্যয়