ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত করা হবে কি না, আজ বুধবার সেই সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ আদেশের এই দিন ঠিক করে দেয়। বেঞ্চের বাকি তিন সদস্য হলেন বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুব। খবর বিডিনিউজের।
ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন হাই কোর্টের রায় স্থগিতের জন্য গত ১২ জুলাই আপিল বিভাগে এই আবেদন করেন। পরদিন ১৩ জুলাই আবেদনটি আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে। সেদিন চেম্বার আদালত আবেদনটি ১৯ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য রাখে। সেই ধারাবাহিকতায় গতকাল এ বিষয়ে আপিল বিভাগের আদেশ দেওয়ার কথা থাকলেও সর্বোচ্চ আদালত পুনরায় বিস্তারিত পর্যালোচনা শেষে আজ নতুন করে আদেশের দিন ধার্য করে।
অবশ্য জামায়াতের প্রার্থী আবেদন করার আগেই ৯ জুলাই জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের শপথ নেন বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর। গতকাল আদালতে মুহাম্মদ নুরুল আমীনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আজিম উদ্দিন পাটোয়ারী। অন্যদিকে সরোয়ার আলমগীরের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও এ এম মাহবুব উদ্দিন খোকন।











