সরকারি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল। বিশেষ করে নিম্নবিত্ত ও অসহায় মানুষ স্বল্প খরচে চিকিৎসার আশায় এসব হাসপাতালে ছুটে আসেন। কিন্তু দুঃখজনকভাবে অনেক সরকারি হাসপাতালে এখনো দালালচক্রের দৌরাত্ম্য সাধারণ রোগীদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
রোগী বা তাদের স্বজনরা হাসপাতালে প্রবেশের পরই অনেক সময় দালালদের খপ্পরে পড়েন। বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষা, ডাক্তার দেখানো কিংবা বেডের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তারা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে থাকে। অনেক অসহায় ও অশিক্ষিত মানুষ পরিস্থিতি না বুঝে তাদের কথায় প্রভাবিত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। দালালদের এমন তৎপরতা শুধু রোগীদের হয়রানিই বাড়ায় না, বরং হাসপাতালের স্বাভাবিক সেবাব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করে। চিকিৎসার মতো মানবিক একটি সেবাখাতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।
সৈয়দ শাহজাহান সিরাজ
বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম।










