দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে জাতীয় সংসদে। গতকাল বৃহস্পতিবার সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন। সেই সঙ্গে বিরোধী দলকেও পাঁচজনের নাম দিতে আহ্বান জানালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।
সংসদ নেতা তারেক রহমান বলেন, এটি একটি বৈশ্বিক প্রবলেম, যার প্রভাব সারা বিশ্বে পড়েছে। তবে বাংলাদেশের মানুষের স্বার্থে সরকার যে কারও সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে যেকোনো আলোচনা যে কারো সাথে করতে প্রস্তুত রয়েছে। এরপর প্রধানমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধীদলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব উনারাও যদি পাঁচ জনের নাম দেন, তাহলে এই ১০ জন ব্যক্তি বসে এই বিষয়গুলো আলোচনা করতে পারে। সংসদ নেতা বলেন, কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে।
সরকারি দলের পক্ষ থেকে ঘোষিত পাঁচ সদস্য হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। পরে প্রধানমন্ত্রী বলেন, কমিটির সুপারিশ যাতে বাস্তবায়নের মুখ দেখতে পারে, সেজন্য জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সভাপতি করার প্রস্তাব করা হচ্ছে।
এর আগে বুধবার জাতীয় সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সরকারের সঙ্গে বসে সমাধান খোঁজার প্রস্তাব দেন। তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকেও কিছু পরামর্শ আছে, সেগুলো নিয়ে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে।
বৃহস্পতিবার সেই প্রস্তাবের জবাবে সংসদ নেতা পাঁচ সদস্যের নাম ঘোষণা করলেন এবং বিরোধী দলকে সমসংখ্যক সদস্য দিতে অনুরোধ জানালেন। সংসদ নেতার এই ঘোষণার পর বিরোধীদলীয় নেতা শফিকুর তার প্রস্তাবকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য ধন্যবাদ জানান।
স্পিকার হাফিজ উদ্দিন বলেন, সরকার ও বিরোধী দলের এ ধরনের সহযোগিতার বার্তায় জনগণের মনে অনেক আশা সঞ্চার হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই বিরোধী দলও তাদের পাঁচ সদস্যের নাম দেবে।
বিরোধী দলের ৫ সদস্যের নাম : দেশে চলমান জ্বালানি সমস্যার সমাধানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের ৫ সদস্যের নাম ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকারি দলের ৫ সদস্যের সঙ্গে তারা একযোগে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় নেতা এ ৫ সদস্যের নাম ঘোষণা করেন।
এ পাঁচ সদস্য হলেন– সাইফুল আলম খান (ঢাকা–১২), নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ–৩), আবদুল বাতেন (ঢাকা–১৬), মোহাম্মদ আবুল হাসনাত (কুমিল্লা–৪) এবং মুফতি মাওলানা আবুল হাসান (সিলেট–৫)।
বিরোধীদলীয় নেতা জানান, এ পাঁচজন সদস্য সরকারি দলের সদস্যদের সঙ্গে জ্বালানি সমস্যা নিরসনে একযোগে কাজ করবেন। তিনি বলেন, আমি মাননীয় সংসদ নেতাকে ধন্যবাদ জানাই, তিনি বিষয়টিকে আমলে নিয়েছেন এবং একটি কার্যকর প্রস্তাবও পেশ করেছেন।













