নীলাকাশে ভাসছে মেঘে খুশি সবুজ প্রাণ
ফুলের সাথে পাখির সাথে গাইছে হরেক গান।
রং বেরংয়ের প্রজাপতি বাগান জুড়ে খেলে
তাদের সাথে সবুজ প্রাণ হওয়ায় ডানা মেলে।
দূর পাহাড়ে হাতছানি দেয় সবুজ প্রাণের মেলা,
মনপাখিটি দেয় উপহার স্বপ্ন নিয়ে খেলা।
ছুটির ঘণ্টা বাজে যখন সবুজ প্রাণের দল
গোল্লা ছুটে জেগেছে প্রাণ খুশিতে উচ্ছ্বল।
রঙধনুটি হাত বাড়ালে ধরবে যেন তারা
ওমা একি আকাশ গাঙে হলো পথটি হারা।
ক্যাঁকুক্যাঁকু আওয়াজ তুলে করছে কোলাহল
নাগরদোলায় স্বপ্ন সাজায় আজ কিশোরের দল।
মেঘের বাড়ি যাবে তারা নাগরদোলায় চেপে
বৃষ্টির সাজে আকাশ কেঁপে নামলো ভূতল ঝেঁপে।
হৈ–হুল্লোড় সন্ধ্যা কি ভোর খুশিতে প্রাণ বাঁচে
সবুজ প্রাণের দল যে তারা হাওয়ার সাথে নাচে।










