কর্ণফুলীর শিকলবাহায় দেয়াল ধসে চাপা পড়ে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার শিকলবাহা আহসানিয়া পাড়া এলাকার অলি হাজির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত দেলোয়ারা বেগম অলি হাজির বাড়ির মৃত ফজল আহমেদের স্ত্রী।
এ ঘটনায় আহতরা হলেন শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ড জামালপাড়া এলাকার বদলা বাপের বাড়ির ছালেহ আহমদের ছেলে সবজি বিক্রেতা মো. রুবেল (৩০), শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড কোদাইল্লা পাড়া শামসু মেম্বারের বাড়ির মো. নজরুলের ছেলে মিজবাহ (১২) এবং একই এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে মো. সাফাত (৭)।
নিহত দেলোয়ারা বেগমের ছেলে মো. জাবেদ বলেন, দেয়ালটি একটি খালি জায়গার সীমানা প্রাচীর। বাড়ির কাছে ভ্যান থেকে সবজি কিনছিলেন মা। এ সময় দেয়াল ধসে পড়লে তার নিচে চাপা পড়েন তিনি। পরে হাসপাতালে মায়ের মৃত্যু হয়। তিনি আরও বলেন, দেয়ালটি স্থানীয় হামিদ চৌধুরীদের জায়গার সীমানা প্রাচীর। কয়েক বছর আগে সেটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এর একাংশ বাঁকা হয়ে যাওয়ায় ঝুকিপূর্ণ হয়। সেটি আমরাসহ এলাকাবাসীরা বেশ কয়েকবার তাদের বলেছিলাম ভেঙে আবার নির্মাণ করতে। কিন্তু তারা করেননি। আজকে দেয়ালটি মায়ের জীবন কেড়ে নিল।
কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম বলেন, দেয়াল ধসে একজন নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।














