জার্মান সংস্থা গ্যেটে–ইনস্টিটিউটের বাংলাদেশের উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডিতে গ্যেটে ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত, কবিতা ও ভ্রমণ ইতিহাস নিয়ে এক বিশেষ সংগীত সন্ধ্যা। যেখানে গানে–কবিতায় ও ধারা বর্ণনায় তুলে ধরা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জার্মানির দীর্ঘস্থায়ী ও গভীর সম্পর্ক। রবীন্দ্রনাথের জার্মানি সফর ও সেসব সফরে রচিত গানগুলো নিয়ে সাজানো সংগীতায়োজনে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সঞ্চিতা পাল। আর গ্যেটে–ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ফ্রঙ্ক ভারনার গীতাঞ্জলি থেকে একটি কবিতার জার্মান অনুবৃত্তি পাঠ করেন। শিল্পী সঞ্চিতা পাল অনুষ্ঠানে রবীন্দ্রনাথের দশটি গান গেয়ে শোনান। গানের ফাঁকে ফাঁকে প্রেক্ষাপট বর্ণনা করেন স্থপতি ধ্রুব জ্যোতি। অনুষ্ঠানে যন্ত্রসংগীতে অক্টোপ্যাডে ছিলেন বিদ্যুৎ রায়, তবলায় গৌতম কুমার সরকার, এসরাজে মো. আশিকুল ইসলাম, গিটারে মোহাম্মদ নাসির উদ্দিন ও কিবোর্ডে রবিনস চৌধুরী। অনুষ্ঠান শেষে দর্শক শ্রোতারা এই ধরনের ব্যতিক্রমী এক আয়োজনের জন্য গ্যেটে ইনস্টিটিউটকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে এই ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।











