আমিরের তৃতীয় বিয়েতে অতিথি কারা, জাঁকজমক হবে?

| সোমবার , ২২ জুন, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

জাঁকজমকপূর্ণ তারকাখচিত আয়োজন নয়, বরং একেবারে সাধারণ ও ব্যক্তিগত পরিসরে তৃতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চান বলিউডের অভিনেতা আমির খান। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, প্রেমিকা গৌরী স্প্র্যাটকে আইনিভাবে বিয়ে করতে চলেছেন তিনি। খবর বিডিনিউজের।

আর অনুষ্ঠানটি হবে মুম্বাইয়ে আমিরের নিজের বাসভবনে। আমির বলেন, সেদিন আমাদের দুই পরিবারের মানুষ এবং খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। আমরা দুজনই বিষয়টিকে খুব সাধারণ রাখতে চাই। চাকচিক্য জাঁকজমক থেকে যতটা সম্ভব দূরে থাকতে চাই। আমরা আমাদের পরিবারের সঙ্গে ভীষণরকম জুড়ে থাকি। তাই তাদের উপস্থিতিতে সব কিছু হবে। বাড়িতেই ছোট পরিসরে রেজিস্টার্ড ম্যারেজ হবে। গৌরীর সঙ্গে ৬০ বছর বয়সি আমিরের প্রেমের খবর সামনে আসে গেল বছর তার জন্মদিনে। আর এবার জুন মাসের শুরুতে তিনি জানিয়েছেন, ৫ জুলাই গৌরীকে বিয়ে করছেন তিনি। হিন্দুস্তান টাইমসের এক অনুষ্ঠানে গত বছর আমির বলেছিলেন, জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আশা তিনি প্রায় ছেড়েই দিয়েছিলেন। জীবনসঙ্গী হতে পারে এমন কাউকে আর খুঁজে পাবেন না বলেই তার কাছে মনে হচ্ছিল। কাউকে পাবেন সেই আশাই তিনি করেননি। এরপর গৌরী সম্পর্কে তিনি বলেছিলেন, সে (গৌরী স্প্র্যাট) জীবনে অনেক প্রশান্তি আর স্থিরতা নিয়ে এসেছে। আসলেই সে অসাধারণ মানুষ। নিজেকে সত্যিই অনেক ভাগ্যবান মনে করি যে তার সঙ্গে দেখা হয়েছে। আগের বিয়েগুলো হয়ত টেকেনি, কিন্তু আমাদের জীবন তো থেমে থাকেনি। আমি এখনো সুখী যে রীনা, কিরণ আর এখন গৌরীর মতো মানুষের আগমন ঘটেছে জীবনে। এ তিনজন আমার গড়ে ওঠার পেছনে খুব বড় অবদান রেখেছে। আমি তাদের অত্যন্ত সম্মান করি। ছোটবেলার সঙ্গী রীনা দত্তকে ১৯৮৬ সালে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে করেছিলেন আমির খান। তাদের দুই সন্তান জুনায়েদ ও ইরা। জুনায়েদ ইতোমধ্যে চলচ্চিত্র জগতে কাজ করছেন। আর ইরা কাজ করছেন মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে। ১৬ বছর সংসারের পর ২০০২ সালে রীনার সঙ্গে আমিরের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০০১ সালে ‘লগান’ চলচ্চিত্রের শুটিং সেটে তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। কিরণ সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলেন। আমির খানের দ্বিতীয় সংসার জীবনও টেকে ১৬ বছর। ২০২১ সালে কিরণের সঙ্গে তার বিচ্ছেদ হয়। যদিও তারা যৌথভাবে ছেলে আজাদের দেখভাল করছেন।

পূর্ববর্তী নিবন্ধসঞ্চিতা পালের ‘স্মৃতির পথ ধরে’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩০.৪০ কোটি টাকা