জাতীয় সংসদের বৈঠকের শেষ সময়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না পেয়ে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। গতকাল রোববার বাজেট আলোচনার শেষ বক্তা ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যের পর সম্পূরক কার্যসূচি অনুযায়ী দুটি বিল সংসদে উত্থাপন করা হয়। বিল দুটি হলো বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল, ২০২৬ এবং পাবলিক এঙামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিলটি উত্থাপনের সময় বিরোধী দলের পক্ষ থেকে বিলের কপি আগে না পাওয়ার অভিযোগ তোলা হয়। বিলটি বিশেষ কমিটিতে পাঠানো নিয়েও আপত্তি জানান বিরোধী দলের সদস্যরা। বিরোধী দলের সদস্য নাজিবুর রহমান মোমেন বলেন, বিধি অনুযায়ী বিলের কপি তিন দিন আগে দেওয়ার বাধ্যবাধকতা আছে। সেই বাধ্যবাধকতা খণ্ডন করা হলে তা সংসদকে জানানো উচিত ছিল। তিনি বলেন, আগেও বিলের সঙ্গে আগের আইনের তুলনামূলক টেবিল দেওয়ার বিষয়ে স্পিকারের রুলিং ছিল। কিন্তু সাম্প্রতিক বিলগুলোর ক্ষেত্রে তারা সে ধরনের টেবিল পাচ্ছেন না। খবর বিডিনিউজের।
জবাবে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এই বিলের ক্ষেত্রে সব পূর্বশর্ত পূরণ করা হয়েছে। ১৫ জুন নোটিশ দেওয়া হয়েছে এবং ২৩ জুন বিল পাঠানো হয়েছে। তিনি বলেন, আমাদের কাছে যে রেকর্ড আছে, সেই রেকর্ড মোতাবেক তিন দিনের আগেই নোটিশগুলো দেওয়া হয়েছে এবং কপি দেওয়া হয়েছে।
বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়, তারা বিলের কপি পাননি। জবাবে ডেপুটি স্পিকার বলেন, রেকর্ড অনুযায়ী বিল টেবিলে উপস্থাপন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ থাকলে তা বিবেচনা করা হবে।
পরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিলটি অধিকতর পরীক্ষার জন্য তিন বৈঠকি দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার শর্তে বিশেষ কমিটিতে পাঠানো হয়। এরপর পাবলিক এঙামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিলটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিল দুটি কমিটিতে পাঠানোর পর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী পয়েন্ট অব অর্ডারে কথা বলতে চান। ডেপুটি স্পিকার বলেন, এ মুহূর্তে পয়েন্ট অব অর্ডার নেওয়া সম্ভব নয়। বিধি ৩০০ অনুযায়ী একটি বিবৃতি আছে জানিয়ে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিবৃতি দিতে আহ্বান জানান। তখন মির্জা ফখরুল বলেন, আপনাদের জন্য সুখবর আছে।
ডেপুটি স্পিকার বিরোধী দলের সদস্যদের উদ্দেশে বলেন, বিবৃতিটা হোক, তারপর। আপনারা এত অধৈর্য হয়ে যান! এ সময় বিরোধী দলের সদস্যদের বলতে শোনা যায়, ওয়াকআউট করলাম। এরপর তারা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।
পরে মির্জা ফখরুল বলেন, তিনি সোমবার (আজ) বিবৃতি দেবেন। এরপর ডেপুটি স্পিকার সংসদের বৈঠক আজ সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করেন।









