আমাদের প্রিয় বাংলাদেশে আজ শিক্ষা ক্ষেত্রে চরম অনিয়ম, অসংগতি ও দুর্নীতির রাম রাজত্ব চলছে। দেশের সকল অনিয়ম, অসংগতি ও দুর্নীতির নিয়ামক শক্তি হলো ঘুষ। সরকারি ও বেসরকারি প্রতিটি সেক্টরের সর্বক্ষেত্রে অনিয়ম, অসংগতি ও সিন্ডিকেট দুর্নীতিতে রমরমা ঘুষ বাণিজ্য চলছে। নানা অনিয়ম ও অসংগতিতে ভরপুর সারাদেশের শিক্ষা সেক্টরের চিত্র এক ও অভিন্ন। শুধু ভুক্তভোগী সভ্য মানুষের অশ্রুঝরা বেদনাভরা বুকে নীরবে সয়ে যাওয়া ছাড়া কোন উপায় থাকে না। বিশেষ করে, সরকারি দপ্তরগুলোতে চরম অনিয়ম, ঘুষ ও দুর্নীতির চরম যাঁতাকলে প্রতিনিয়ত নিষ্পেষিত করছে সাধারণ জনগণকে। এই দুর্নীতি প্রতিদিন নিত্যনতুন রূপ ধারণ করে সুযোগ বুঝে ছোবল মারছে বিপদে পড়া সমাজের সভ্য শ্রেণির মানুষকে!
সুশিক্ষিত জাতি গঠনে প্রধান অন্তরায় দুর্নীতি। সবচেয়ে পরিতাপের বিষয় হলো যে, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫৫ বছর পরে এসেও জাতির উন্নতির মূল ভিত্তি শিক্ষা বিভাগকে আজ পর্যন্ত কোন সরকার দুর্নীতি মুক্ত করতে পারেনি। শিক্ষা বিভাগের সকল স্তরের দাপ্তরিক কর্তাদের নানা কৌশলগত অনিয়ম ও দুর্নীতির কারণে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কর্মীদের দুঃখ কষ্ট ও হয়রানির সীমা নেই।












