চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হল থেকে দেশীয় অস্ত্র–রামদা হাতে এক শিক্ষার্থীর বের হওয়ার ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
সম্প্রতি আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলাকালে চবির কেন্দ্রীয় খেলার মাঠে সিনিয়র–জুনিয়রদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে ওই ঘটনার জের ধরে শাহ আমানত হলের সামনে সংঘর্ষ বড় আকার ধারণ করে। এ সময় শাহ আমানত হলের ভেতর থেকে এক শিক্ষার্থীকে অস্ত্র ও রামদা হাতে বের হতে দেখা যায়। পরে সেই শিক্ষার্থীকে শনাক্ত করতে প্রশাসন তদন্ত কমিটি গঠন করে।
এ সম্পর্কে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভিসি স্যারের অনুমোদনে এই তদন্ত কমিটি গঠন করা হয়। ৭ দিনের মধ্যে তারা তাদের তদন্ত রিপোর্ট জমা দিবে। তার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শাহাদাত হোসেনকে। সদস্য সচিব করা হয়েছে শিক্ষক সেলের সোহরাব হোসেন শাওনকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার ও সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন।











