মোটরসাইকেলে পাচার করছিল ইয়াবা, ট্রাকের ধাক্কায় নিহত

আহত সঙ্গী গা ঢাকা দেয় নিকটস্থ পাহাড়ে, ৩০ হাজার ইয়াবা উদ্ধার

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

কক্সবাজার থেকে দুই কারবারি মহাসড়ক হয়ে মোটর সাইকেলে করে পাচার করছিল ইয়াবা। এই তথ্য পেয়ে পিছু নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোগো সম্বলিত একটি ভ্যান। একপর্যায়ে পালানোর এবং ধাওয়ার প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান মোটর সাইকেলের এক আরোহী। অন্যজন আহতাবস্থায় দ্রুত পাহাড়ের ভেতর ঢুকে পড়তে সমর্থ হন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায়।

নিহত মোটর সাইকেল আরোহী ইয়াবা কারবারির নাম নুরুল হোসেন প্রকাশ মনু (২৮)। তিনি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে। তবে আহত হয়ে পালিয়ে যাওয়া অন্য ইয়াবা কারবারির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় মহাসড়কের একপাশে ছড়িয়েছিটিয়ে পড়ে বিপুল পরিমাণ ইয়াবা। আর সেই ইয়াবা কুড়িয়ে নেওয়ার ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মহাসড়কের ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে চট্টগ্রামমুখী মোটর সাইকেলের (নংঢাকা মেট্রো ল৬০১২৬৮) সাথে কক্সবাজারমুখী ট্রাকের (নংচট্টগ্রাম০৫০০৬৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী আহতাবস্থায় পালিয়ে গেছেন। ওসি বলেন, আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী দুর্ঘটনায় পতিত মোটর সাইকেলটি জব্দের পর তল্লাশি করে ব্যাগ থেকে ৩০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করি। প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ধাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে পুলিশ মাদকদ্রব্য অধিদপ্তরের কাউকে দেখেনি। এই বিষয়ে বিকেলে পৃথক দুটি মামলা রুজু করাসহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত হলের অস্ত্রধারী শনাক্তে চার সদস্যের তদন্ত কমিটি
পরবর্তী নিবন্ধশিগগিরই ‘ল্যান্ড কমপ্লেইন ম্যানেজমেন্ট সার্ভিস’ চালু করা হবে : ভূমি প্রতিমন্ত্রী