শঙ্খনদীর প্রবল স্রোতে রাতের অন্ধকারে লাকড়ি ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার নাম আবদুল আলম (৩৬)। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শঙ্খনদীর সাতকানিয়া উপজেলার কাটগড় বিওসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আবদুল আলম উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আলমগীর গ্রামের ভেট্টা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। আবদুল মজিদ (১০) ও আবদুল লতিফ (৮) নামে মাদ্রাসা পড়ুয়া দুই সন্তানের জনক তিনি। এদিকে বন্যার পানিতে জাল মেরে মাছ ধরতে গিয়ে পানির নিচে তলিয়ে গিয়ে চরতিতে মোঃ সাঈদ নামক এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিখোঁজ আবদুল আলমের বড় ভাই নুরুল আলম জানান, বৃহস্পতিবার সকাল ৮টার সময় এলাকার মোরশেদ, কাদের ও ফরমান জানায়– তার ছোট ভাই আলম রাতে পাহাড়ি ঢলের সাথে ভেসে আসা লাড়টি ধরতে প্রবল স্রোতের মধ্যে শঙ্খনদীতে নামে। লাকড়ি ধরার এক পর্যায়ে ভোর ৫টার দিকে সে নৌকা থেকে হঠাৎ নদীতে পড়ে গেলে আর উঠতে পারেনি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. জসীম উদ্দীন জানান, শঙ্খনদীতে লাকড়ি ধরতে গিয়ে আবদুল আলম নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।











