লোহাগাড়ায় আগুনে পুড়ল ৭ দোকান

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭টি দোকান। গতকাল শনিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল শামসুল আলমের সারের দোকান, আবু তাহেরের ডেকোরেশন ও লেপতোষকের দোকান, নাজিম উদ্দিনের লেপতোষকের দোকান ও কারখানা, জসিম উদ্দিনের ইলেকট্রনিক্সের দোকান এবং রতন কর্মকারের কামারের দোকান।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি দোকানে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাজারের মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে আগুন নেভানোর আহ্বান জানানো হয়। স্থানীয়রা চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শামসুল আলম জানান, দোকানে থাকা সার, মালামাল ও নগদ টাকাসহ সবকিছু আগুনে পুড়ে গেছে। ব্যবসায়ী আবু তাহের জানান, তার ডেকোরেশন সামগ্রী ও লেপতোষকের মালামাল পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকারি সহায়তা ছাড়া পুনরায় ব্যবসা শুরু করা কঠিন হবে বলেও তিনি জানান।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখার চন্দ্র রুদ্র জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধস্লুইস গেইট ও খালে অবৈধ বাঁধ দেওয়ায় বন্যার দুর্ভোগ দীর্ঘ হচ্ছে
পরবর্তী নিবন্ধপ্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ